বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসম্পৃক্ততা আরো বাড়িয়ে জনগণের আস্থা অর্জনে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

নির্বাচনের সফল ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল—এ কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে গতকাল রাজশাহী বিভাগের সব জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতায় এসব কথা বলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গতকাল সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।’ জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।