চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে স্থলবন্দর এলাকার মধ্যবাজারে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কবির আলী সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের বাসিন্দা। তিনি কালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাস্তা পার হবার সময় একটি ভারতীয় ট্রাক কবির আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে মরদেহ উদ্ধার করে। স্থানীয় লোকজন দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটকে রাখে। পরে পুলিশ ট্রাকসহ চালককে হেফাজতে নেয়।
পুলিশ আরো জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াধীন। এ বিষয়ে তদন্ত চলছে।










