সুনামগঞ্জের দিরাইয়ে খাস জমি অবৈধভাবে দখল করাকে কেন্দ্রে করে দুই গ্রুপের সংঘর্ষে শাহ মুল্লুক (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শনিবার দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে এঘটনা ঘটে। নিহত শাহ মুল্লুক নুরনগর গ্রামের আব্দুস সালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামের ফিরোজ আলী এবং একই গ্রামের আবুল ফজল মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফিরোজ আলীর গ্রুপ শনিবার সাড়ে ১০টায় খাস জমি অবৈধভাবে দখলকরাকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে শাহ মুল্লুক নামের একজন ঘটনাস্থলে নিহত হন। নিহত শাহ মুল্লুক আবুল ফজল গ্রুপের লোক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় আহতদের মধ্যে নূরনগর গ্রামের তুফাজ্জল মিয়া (৩৫), সামছুল ইসলাম (৫০), সফর আলী (৩৫), সিরাজুল ইসলাম (৩২) ও লুৎফর মিয়া (৩৫) গুরুতর আহতবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। তারা স্থানীয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

এঘটনায় পুলিশ নুরনগহর গ্রামের জমশেদ মিয়া, নাঈম মিয়া, মুনসুর আহমেদ নামের তিনজনকে আটক করেছেন।

ওসি আশরাফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয়পক্ষের বেশ কিছু লোক আহত হয়েছেন। এসময় দায়িত্বরত এসআই আজিজ জিঙ্গেসাবাদের জন্য তিনজনকে আটক করেছেন।