নৌপথে পাচারকালে বগুড়া থেকে ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ধুনট উপজেলায় যমুনা নদীর ভাণ্ডারবাড়ি ঘাট এলাকা থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। খাদ্য অধিদপ্তরের সিল লাগানো বস্তায় অনন্যা এন্টারপ্রাইজ ও কেএম জুট ফাইবার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। এসব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিসহ ভিজিডি ও ভিজিএফের সুবিধাভোগীর মাঝে বিতরণের কথা ছিল।  

ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, সরকারি চালগুলো যমুনা নদীর পাড়ে নিয়ে আসা হয়। এতে স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে সেখানে পৌঁছার আগেই পাচারকারীরা পালিয়ে যায়। চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, চালগুলো পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি ইউনিয়ন থেকে ধুনটের ভাণ্ডারবাড়ি ইউনিয়নে বিক্রির জন্য নিয়ে আসা হয়।

এলাকাবাসী বলছে, যমুনা নদীর খাসরাজবাড়ি চর এলাকার ঘাট থেকে নৌকায় করে ৪০ বস্তা চাল নিয়ে আসা হয়। ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ঘাটে চালের বস্তাগুলো নামিয়ে ভটভটিতে তুলছিল পাচারকারীরা। এ সময় বস্তা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে নদীর তীরে চাল ফেলে পাচারকারীরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে।

বগুড়ার ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, চালগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।