পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে আছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগ), সদস্য হিসেবে আছেন যুগ্মসচিব (পরিবেশ-১ অধিশাখা), উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১ ও ২) এবং সিনিয়র সহকারী সচিব (পরিবেশ-৩)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি আগামী ১ নভেম্বর থেকে দেশব্যাপী পরিচালিত পলিথিন বন্ধের লক্ষ্যে পরিচালিত অভিযানের মনিটরিং করবে। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও মাঠ কার্যক্রম পরিদর্শন করবে।
এছাড়া কার্যক্রম তদারকির জন্য পরিবেশ অধিদপ্তরও একটি আলাদা কমিটি গঠন করবে।










