নরসিংদী বড় বাজারে টহলের সময় দুই আনসার সদস্যের কাছ থেকে লুট হওয়ার এক সপ্তাহ পর দুটি শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধারসহ ১০ আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাতে শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার ও বিভিন্ন জেলা থেকে এক নারীসহ ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুরের জাজিরা থানার কুন্ডেরচর গণি মল্লিকের কান্দি এলাকার মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান (৪২), একই জেলার দাইমুদ্দিন খলিফারকান্দি এলাকার সিরাজ খলিফার ছেলে দেলোয়ার খলিফা (৩৭), একই এলাকার মৃত সিরাজ খলিফার ছেলে মতি খলিফা (৪২), বিকিনগর মোড়লকান্দি এলাকার মৃত নূরুদ্দিন মোড়লের স্ত্রী আলেয়া বেগম (৪৫), মাদারীপুর জেলার উত্তর কাউয়াকুড়ি এলাকার মৃত ফজলু হাওলাদারের ছেলে কালু হাওলাদার (৩৮) ও ফরিদ হাওলাদার (৪৫), একই জেলার শিবচর থানার হাজী জব্বর হাওলাদারকান্দি এলাকার আব্দুর রব খাঁর ছেলে ফারুক খাঁ (২১), বাগেরহাট জেলার ফকিরহাট থানার বালিয়াডাঙ্গা এলাকার শেখ আব্দুল মালেকের ছেলে শেখ আল মামুন (৩২), একই জেলার আফরা এলাকার মৃত শেখ মহিউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাজিবিশারা এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭)।

এর আগে ২৬ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে বাজারে টহলের সময় দুই আনসার সদস্যের কাছ থেকে দুই শটগান ও ১০ রাউন্ড গুলি লুট করে ডাকাতরা। সোমবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

পুলিশ সুপার জানান, ২৬ ডিসেম্বর রাতে নরসিংদী বাজারের বণিক সমিতির অস্থায়ী ক্যাম্পের চার আনসার সদস্য বাজার টহল দিচ্ছিলেন। এ সময় মেঘনা নদীতে নৌপথে আসা ১৮-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল নরসিংদী বাজারে প্রবেশ করে। পরে দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে ১০ রাউন্ড গুলিসহ দুটি শটগান ছিনিয়ে নেয় তারা। বাজারের সিসিটিভি ফুটেজে ডাকাতদলের উপস্থিতি ধারণ হয়। একই রাত ৩টার দিকে সদর থানার চরাঞ্চলের পঞ্চবটি বাজারে কয়েকটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। 

আনসারের অস্ত্র লুটের ঘটনায় নরসিংদী সদর উপজেলার ভারপ্রাপ্ত আনসার ভিডিপির কর্মকর্তা লুত্ফর নাহার লতিফা বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। এরপর অস্ত্র ও গুলি উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ ও আনসার দল। 

তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে  গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় শরীয়তপুরের জাজিরা এলাকায় মিজান নামে এক ডাকাতের আত্মীয় বাড়ি থেকে লুট হওয়া দুই অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র লুটের ঘটনার রাতেই সদর থানার পঞ্চবটি বাজারের কয়েকটি দোকানে ডাকাতির ঘটনায়ও একই ডাকাত দলের সম্পৃক্ততা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।