ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আবীর (২০) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবীরের বাড়ি ময়মনসিংহ নগরীর কৃষ্টপুরের দিল রওশন জামে মসজিদ এলাকায়। তার বাবার নাম আবুল কালাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত আবীর ময়মনসিংহ জেলা যুবলীগ কর্মী ছিলেন। তার কোনো পদবি ছিল না। বৃহস্পতিবার বিকালে ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলনস্থলে আসেন আবীর। সেখানে তার সঙ্গে একাধিক যুবকের বাকবিতণ্ডা হয়েছে। এ সময় তার প্রতিপক্ষের কয়েকজন তাকে ধাওয়া দিয়ে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর আবীরকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, সম্মেলন চলার সময় বিকাল সাড়ে ৪টার দিকে নজরুল মঞ্চের কাছে ডাকবাংলোর সামনের সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।