কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম ও কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান পাখি গ্রুপের সংঘর্ষে এক সমর্থকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সোহেল সরকার (৫০)।
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পাখি অভিযোগ করেছেন, প্রচারণার জন্য নিজের ভাইসহ এলাকায় গণসংযোগ করার সময় বর্তমান কাউন্সিলর রবিউল ইসলামের ‘সন্ত্রাসী বাহিনী’ পেছন থেকে তাদের উপর অতর্কিত হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রমজান নামে একজনের অবস্থা বেশ গুরুতর।
তিনি এসময় আরো অভিযোগ করেন, সংঘর্ষের সময় কাউন্সিলর রবিউল বারখাদার ত্রিমোনীর রয়েল অটোর মালিক সোহেলকে ধাক্কা মেরে ফেলে দিলে আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ডিউটি অফিসার রহিমা বলেন, মরদেহটি থানায় আছে। তবে এ ব্যাপারে তিনি নিজে কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।










