টাকা চুরির অভিযোগ করায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের পিটুনিতে আজিজুল হক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালীরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজুল হক (৬০) ও ফজল হক (৬৫) দুই ভাই পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন। তিনদিন আগে ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। এ টাকা বড় ভাই ফজল হক অথবা তার দুই ছেলে নিয়েছে বলে দাবি করেন আজিজুল হক।

গতকাল সকালে আজিজুল হক তার নিজের ধানখেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী, দুই ছেলে সোহেল, রতন এবং পুত্রবধূরা জমিতেই তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই আজিজুল হকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই অভিযুক্তের পরিবারের সদস্যরা পালিয়ে যান।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।