ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শামীম হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার নিজ বাড়ির সামনের খাল থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মো. মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খালে গোসল করতে নামেন শামীম। এ সময় মাছ ধরার চোঙ্গা তুলতে গিয়ে হঠাৎ গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। দীর্ঘ সময় খোঁজাখুজির পরও তার সন্ধান না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, শামীম সাঁতার জানলেও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, খালে নামার পর অসুস্থ হয়ে ডুবে যান তিনি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।