বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, আমরা চাই, আগামীকালের নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এ নির্বাচনের জন্য আমাদের অনেক সাথী জীবন দিয়েছেন। আমরা চাই, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক। জনগণের সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই। সে দায়িত্ব পেয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করতে চাই, জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই, নির্বাচনী ইশতাহারে আমাদের দলের চেয়ারম্যান যা যা ঘোষণা করেছেন, সেসব বাস্তবায়ন করতে চাই।

বুধবার রাত ১১টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, এ পথে নানা বাধা নানাভাবে সৃষ্টির চেষ্টা চলছে, কেউ সৃষ্টি করছে যারা আমাদের এ গণতন্ত্র পুনর্বহালই পছন্দ করে না, কেউ চেষ্টা করছে, তারা মনে করছে, নির্বাচনের তাদের জেতার সম্ভাবনা কম।

বিএনপির এ নেতা বলেন, আমরা আন্তরিকভাবে আশা করছিলাম, যারা এ লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশ নিচ্ছে। ফলে আমাদের সাথীদের স্বপ্ন পূরণে সবাই নিরপেক্ষতার সঙ্গে কাজ করব। তিনি আরো বলেন, বিজয়ের আকাঙ্ক্ষা সবারই থাকে, কিন্তু তা নিশ্চিতে বেআইনি পথ অবলম্বন আমাদের কাঙ্ক্ষিত ছিল না। সারাদিনে সে সব তথ্য পেয়েছি, সেগুলো নিয়ে আমরা মর্মাহত। তবে আমি মনে করি না, যা কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি বলেন, দলের সব নেতাকর্মী ও জনগণের প্রতি আমাদের অনুরোধ, এত বছর লড়াই করে যা অর্জন করতে যাচ্ছি, সেটা যেন বাধাগ্রস্ত না হয়। সেজন্য সবাই পালাক্রমে কেন্দ্র পাহারা দেবেন, কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ফলাফল নিয়ে কেন্দ্র ছাড়বেন। এর সবটাই আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জনগণের সমর্থনে শক্তিশালী সরকার গঠনের লক্ষ্যে। এবং জনগণের সমর্থনে দেশের কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে।