জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে আফ্রিকায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সহকর্মীর সঙ্গে প্রাণ হারিয়েছেন সেনা সদস্য সিরাজগঞ্জের সন্তান শরীফ হোসেন (২৬)। টহলরত গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান তিনি। নিহত শরীফ হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরের বেড়াখাড়ুয়া গ্রামের লেবু তালুকদারের ছেলে। বাবা-মা, দুই ভাই-বোন ও শরীফের সদ্য বিবাহিত স্ত্রীসহ বেলকুচির গ্রামের বাড়িতে বসবাস করেন পরিবারের পাঁচ সদস্য।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে হতবিহ্বল ও শোকে মুহ্যমান হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর শোনার পর থেকেই শুধুই কাঁদছেন তার বাবা-মা, ভাই-বোন, স্ত্রীসহ স্বজনরা। এখন তারা শরীফের মরদেহের অপেক্ষায় রয়েছেন।










