শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে বন্ধুমহল, যুব স্বেচ্ছাসেবী সংগঠন, বুলবুলের স্বজন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বুলবুল হত্যা কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থলে তার সঙ্গে থাকা ও পরে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ উদ্ঘাটন ও প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে নরসিংদীতে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন শুরু করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বুলবুল আহমেদের বড় ভাই মো. জাকারিয়া, স্বজন সুজন আহমেদ, পারভেজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবরার রিফাত প্রমুখ।
এর আগে শহরের ভেলানগর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শাবিপ্রবির নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদ নরসিংদী সদরের চিনিশপুর এলাকার বাসিন্দা মৃত ওয়াহাব মিয়ার ছেলে।
সিলেট থেকে মরদেহ পৌঁছার পর মঙ্গলবার বাদ মাগরিব নরসিংদীর ভেলানগরে জানাজা শেষে মাধবদীতে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।










