পিরোজপুর জেলা কারাগারে অনিমেষ হালদার (৩৫) নামে হত্যা মামলায় এক আসামির মৃত্যু হয়েছে। অনিমেষ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামের মনমথ হালদারের ছেলে এবং পত্তাশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। 

পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, আজ রোববার অনিমেষের বুকে ব্যথা ওঠার পর  তাকে (অনিমেষকে) পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

গত বছরের ২৭ জুলাই পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধুসুদন হালদারের স্ত্রী গোলাপী রাণী হালদারকে (৬৫) ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। 

এ ঘটনায় ইন্দুরকানী থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। এরপর ৩০ জুলাই নিহত গোলাপী রাণীর স্বামী মধুসুদন বাদী হয়ে পত্তাশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি অনিমেষ এবং একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবুকে (২২) আসামি করে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে।