চাঁদপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী লঞ্চ। এ সময় আতঙ্কে ছুটাছুটিতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ চাঁদপুর লঞ্চঘাটে ভিড়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এতে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা দিকবিদিক ছুটাছুটি শুরু করলে অনেকেই আহত হন। কেউ কেউ ভয়ে মালামাল রেখে দ্রুত লঞ্চ থেকে নেমে যান। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বয়স্ক যাত্রীরা।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়।
এদিকে, ঝড়ের কারণে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে এবং সড়কের ওপর ডালপালা পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। কয়েকটি এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।










