বরিশালের মেহেন্দীগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্বশুর-জামাতা। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গজারিয়া নদীর পোলতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে হঠাৎ বজ্রপাতে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় তারা দুজন ঘটনাস্থলেই মারা যান।
মারা যাওয়া দুজন হলেন মেহেন্দীগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের আবদুস শহিদ বিশ্বাস (৬০) ও তার জামাতা উপজেলার সদর ইউনিয়নের বাজিদ খা গ্রামের শহিদ ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩৫)।
চর এককরিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর চরলতা ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, গতকাল রাতে শহিদ ও রাসেল গজারিয়া নদীতে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাতে তাদের নৌকাটি ডুবে যায়। বৃষ্টি ছিল না নদীতে। এ সময় নদীতে থাকা অন্য জেলেরা এগিয়ে আসেন। পরে তারা নৌ-পুলিশকে খবর দেন। পুলিশ শ্বশুর-জামাতার মরদেহ উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।










