ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ পুকুরে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা ও যশোরে আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঢাকা: ধামরাইয়ের একটি আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) ও চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তারা হলেন সাইফুজ্জামান ও মিজান। তাদের ধামরাইয়ের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

বরিশাল: গৌরনদীতে বাসচাপায় আব্দুল কাদের (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলচালক আব্দুল কাদের বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

লক্ষ্মীপুর: ট্রাকের ধাক্কায় নোয়ান হোসেন (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নোয়ান হোসেন চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও রসুলগঞ্জ এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে। সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় সে। লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী: জেলার বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের কাজীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন (২০) উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পাবনা: চাটমোহরে দুই মোটরসাইকেল সংঘর্ষে মাহবুব হোসেন (১৭) নামে এক আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে মাহবুবের বোন মরিয়ম খাতুন (২)। গতকাল সকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব ভাঙ্গুড়া উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মহসিন আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর: শার্শা উপজেলা স্টেডিয়ামের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আহসান উল্লাহ (৫২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান রোকন জানান, মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।