জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এক স্বৈরাচারকে হটিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না।’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ পলাশ সংসদীয় আসনের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করছে তারা। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। তার আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সব সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।’

এ সময় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন তিনি। সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নরসিংদী-২ আসনে দলের প্রার্থী সারোয়ার তুষারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ বলেন, ‘যারা আবারও আওয়ামী লীগকে ফেরাতে হতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদের বিতাড়িত করবো।’