চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল ইমরান গোবিন্দপুর এলাকার জুড়োন আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় আল ইমরান গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফকরুলের বাড়ির সামনে বসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে তিন দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফাতেমা ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, পূর্বশক্রতার জেরে আল ইমরানকে তিন দুর্বৃত্ত কুপিয়ে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।










