আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়র্কর বটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন জাতীয় নির্বাচন—দুই ক্ষেত্রেই আমরা কমনওয়েলথের সহযোগিতা প্রত্যাশা করি।‘ তিনি কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশে আসন্ন নির্বাচন প্রক্রিয়া নিয়ে আগ্রহ প্রকাশকে সাধুবাদ জানান এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এর জবাবে মহাসচিব বচওয়ে বাংলাদেশকে কমনওয়েলথের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘কমনওয়েলথের মধ্যে জি৭ এবং জি২০ সদস্যসহ ৫৬টি দেশ রয়েছে, যেখান থেকে বাংলাদেশ পারস্পরিক শক্তি বৃদ্ধির জন্য সহযোগিতা নিতে পারে।‘

মহাসচিব জানান, তিনি এরইমধ্যে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত আশাবাদী।‘

তিনি আরো জানান, নির্বাচনের আগে কমনওয়েলথ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

বৈঠকে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ, সামাজিক ব্যবসা বিস্তার এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও দুই পক্ষ আলোচনা করেছে।