অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কোন আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লার মনোনয়নপত্র আমি নেইনি। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই তারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০ এ প্রার্থী হচ্ছি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সেখানকার ভোটার ছিলেন। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন।

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন, গত ১০ই ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।