বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীতে বৃহস্পতিবার বিকালে জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ কর্মচারী আবুল কাশেমের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে ঘটনাস্থলের অদূরে তার মৃতদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মৃতদেহ উদ্ধার করেন।

অগ্নিকাণ্ডের পরপরই ট্যাংকারের কর্মচারী বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীনের (২২) দগ্ধ মৃতদেহ ইঞ্জিন রুম থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা তিনজন হলো। হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন আরো তিন কর্মচারী। তারা হলেন চালক কুতুব উদ্দিন (৫০) ও রুবেল (৪০) ও গ্রিজার কামাল পাশা (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেল্লাল উদ্দিন জানান, গতকাল বিকালে আবুল কাশেমের মৃতদেহ উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

সদর নৌ-পুলিশের ওসি আব্দুল জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে।