লায়ন্স ক্লাব পরিচালিত দিনাজপুর শিশুনিকেতনে বড় হওয়া ৪০ এতিম মেয়ের এক মঞ্চে বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল যৌতুকবিহীন বিয়ে শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক ভোজসভার মাধ্যমে মেয়েদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শিশুনিকেতন পরিচালনা কমিটির সভাপতি লায়ন্স মোজাফ্ফর আলী মিলন উপস্থিত থেকে মেয়েদের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেক বরের জন্য একটি করে বাইসাইকেল, কনের জন্য একটি করে সেলাই মেশিন ও সংসারের জিনিসপত্র দেয়া হয়।

অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম বলেন, সমাজের অবহেলিত এতিম কন্যাশিশুদের লালন-পালন ও পড়ালেখা শেষে বিয়ে দেয়ার যে মহতী উদ্যোগ দিনাজপুর লায়ন্স ক্লাব পালন করে আসছে, তা দেশবাসীর কাছে উদাহরণ হয়ে থাকবে। তিনি নব দম্পতিদের প্রতি শুভকামনা জানান।