কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে দুই শিক্ষকের চারদিন ও দুই ছাত্রের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনামুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর মামলায় গ্রেফতার দুই ছাত্রের ১০ দিন ও দুই শিক্ষককের সাতদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিশীকান্ত সরকার।
এর আগে বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চার আসামিকে আদালতে তোলা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম অসুস্থ থাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনামুল হকের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামি মাদ্রাসা শিক্ষক ইবনে মাসউদের (রা.) হেফজ
বিভাগের ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিকে পাঁচদিনের এবং একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. আল আমীন ও মো. ইউসুফ আলীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।










