বাগেরহাটের রামপালে মল্লিকেরবেড় সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আট বছরেও টাকা ফেরত না পেয়ে ক্ষুব্ধ গ্রাহক। টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, ২০১৬ সালে রামপাল উপজেলার মল্লিকের বের গ্রামের সাবেক ইউপি সদস্য শৈবাল ইসলাম তুহিন, আব্দুল হালিম খান ও মো. রফিকুল ইসলাম নামে তিনজন সমবায় সমিতি গঠন করেন। সমিতির নিবন্ধন না নিয়ে সাবেক ইউপি সদস্য শৈবাল ইসলাম তুহিন সভাপতি, আব্দুল হালিম খান সাধারণ সম্পাদক ও মো. রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ হন।
মাহবুবুর নামে আারেক গ্রাহক বলেন, ‘দুই ছেলে ও দুই ভাতিজার নামে ৩ হাজার করে ১২ হাজার টাকা জমা রেখেছিলাম। কিন্তু আট বছরেও মূল টাকা ফেরত পাইনি। শুধু আমি নই, এমন ৫০-৭০ জন গ্রাহক রয়েছেন, যাদের এখনো টাকা ফেরত দেননি রফিকুল ও শৈবালরা।’
এ বিষয়ে কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘সমিতির পক্ষ থেকে অনেক গ্রাহককে ঋণ দেয়া হয়েছিল। কিন্তু তারা ঋণের টাকা ফেরত না দেয়ায় টাকা ফেরত দিতে পারছি না। অল্প কিছু গ্রাহক এখনো টাকা পাবে, দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেয়া হবে।’
সমিতির সভাপতি শৈবাল ইসলাম তুহিন বলেন, ‘কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম টাকা আদায়, ঋণ দেয়াসহ সব বিষয় দেখভাল করতেন। আর্থিক লেনদেনের সঙ্গে আমি ছিলাম না। আমার নিজের দেয়া ১০ হাজার টাকাও ফেরত দেয়নি এখনো। কোষাধ্যক্ষকে টাকা ফেরত দিতে বলা হয়েছে।’










