রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার মাচালং ব্রিজপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন ইউপিডিএফ সদস্য দীপায়ন চাকমা (৩৮) ও আশুক্য চাকমা ওরফে আশীষ (৪৫)। দীপায়ন চাকমা ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এগুজ্জেছড়ি গ্রামের মৃত অনিল বরণ চাকমার ছেলে। আশুক্য চাকমা ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোরঘোনা গ্রামের মৃত শান্তি কুমার চাকমার ছেলে বলে জানিয়েছে ইউপিডিএফ।

হত্যাকাণ্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা। গতকাল বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এর আগে ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় ইউপিডিএফের চার নেতা হত্যার শিকার হন।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বাঘাইছড়ির মাচালং থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।