চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা বাস ও ট্রাকে অন্য একটি মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ বিশ্বরোড এলাকায় বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম। গুরুতর আহত জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই মো. মোস্তফা, পুলিশ সদস্য শেখ আহম্মেদসহ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী গাড়িচালক নাসির জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর বিশ্বরোড এলাকায় বাইপাস হয়ে সোনাপাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার সময় জোনাকি পরিবহনের একটি বাসকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। দুই গাড়ির শ্রমিকরা এ নিয়ে তর্কে জড়ান। পরে সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যসহ বারইয়ারহাট-বিশ্বরোড সিএনজিচালক সমিতির লাইন সম্পাদক শেখ ফরিদ ও কয়েকজন চালক উপস্থিত হন। এমন সময় একটি মিনি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। আহত হন পুলিশ সদস্যসহ আরো পাঁচজন।