দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ১১২ টাকায় সরকারি চাকরি প্রাপ্তি সরকারের স্বচ্ছতার নিদর্শন। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন নিয়োগ পাওয়া ১৮৮ কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। সম্প্রতি অধিদপ্তরে নিয়োগ পাওয়া ১৮৮ কর্মচারীর ক্ষেত্রে আবেদন থেকে চাকরিতে যোগদান পর্যন্ত জনপ্রতি ব্যয় হয়েছে মাত্র ১১২ টাকা, যা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতিফলন।

তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ নিয়মিত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এসব দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরাই মানুষের পাশে দাঁড়ান। তাই ভবিষ্যতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো কার্যকর করতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন নতুন নিয়োগ পাওয়া কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।