রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি পাড়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ ৭ জন জঙ্গি ও ৩ জন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন রাঙামাটির আদালত। আজ শুক্রবার সন্ধ্যায় আসামিদের রাঙামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আকতারের আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে প্রেরণ করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি পাড়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র- গোলাবারুদসহ সাত জঙ্গি ও তিন সন্ত্রাসীকে আটক করে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরা হলো- সৈয়দ মারুফ ওরফে মানিক (৩১), ইমরান হোসাইন ওরফে সাওন (৩১), কাউসার ওরফে শিশির (৪৬), জাহাঙ্গীর আহমেদ ওরফে জনু (২৭), মো. ইব্রাহীম ওরফে আলী (১৯), আবু বক্কর সিদ্দিক ওরফে বাপ্পী (২৩), রুফু মিয়া (২৬), জৌথান স্যাং বম (১৯), স্টিফেন বম (১৯) ও মাল সম বম (২০)।
আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৯টি বন্দুক, ৫০ রাউন্ড গুলি, ৬২টি কেইস, ৬টি হাতবোমা, ১টি কার্তুজ কেইস, ২ কার্তুস বেল্ট, ১টি দেশীয় পিস্তল, ১টা ওয়াকিটকি সেট, কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের পোশাক, পার্বত্য চট্টগ্রামের ৯টি উপজেলা নিয়ে তৈরি বিশেষ মানচিত্রের ১০টি চিত্রসহ বিভিন্ন সরঞ্জাম বিলাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।










