সুনামগঞ্জে আদালত চত্বরে মামলার বাদীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। গতকাল সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের ফয়েজ আহমদ, সাজিদ মিয়া, সেবুল মিয়া, এহসানুল করিম ও ইসরাইল আলী। তাদের মধ্যে ফয়েজ আহমদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে সাজিদ মিয়া, এহসানুল করিম ও ইসরাইল আলী পলাতক। নিহত মিজানুর রহমান খোকন মিয়া একই গ্রামের ফটিক মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার গলাখাল গ্রামের মিজানুর রহমান খোকন মিয়ার সঙ্গে আসামিদের জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলা চলছিল। ২০২২ সালের ২১ জুলাই দুপুরে ‘নিজের জীবনের নিরাপত্তা নেই’ এমন মামলায় বিচারপ্রার্থী খোকন মিয়া আদালতে হাজিরা দিতে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির সামনে মিজানুর রহমান খোকন মিয়াকে একা পেয়ে আসামি ফয়েজ আহমদ, সাজিদ, সাহান ও সেবুল উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন।










