বগুড়ার শিবগঞ্জের ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ শিরিনা সুলতানা (২৩) শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের আচলাই নামাপাড়া গ্রামের মো. মামুনের (৩০) স্ত্রী।
বুধবার সকালে এ ঘটনার পর থেকে মামুন পলাতক।
বগুড়ার শিবগঞ্জ থানার এসআই আলী আকবর জানান, সকালে ধানক্ষেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত শিরিন একই উপজেলা তেঘরী গ্রামের মৃত সেকেন্দার আলীর মেয়ে।
প্রায় এক বছর আগে নিজ পছন্দে মামুনের সঙ্গে তার বিয়ে হয়।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী মামুন পলাতক।
মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।










