মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে দুই বোনসহ চার শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলো, আব্দুস সামাদের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী  ফাতেমা (১৪) চতুর্থ শ্রেণীর ছাত্রী আফিয়া (১০), সামাদের আপন ভাই সাহারুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী মিম (১৪), তাদের আপন চাচাতো ভাই ইছারুল ইসলামের মেয়ে ‌ চতুর্থ শ্রেণীর ছাত্রী আলেয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এক পর্যায়ে চার শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।