বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি। দেশ ও জনগণের জান-মাল রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছি।’ গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা এ্যানি বলেন, ‘আওয়ামী সরকারের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা মুখ ফুটে কিছু বলতে পারেননি। শুধু নীরবে কেঁদেছেন।’
আওয়ামী লীগ সরকারকে কর্তৃত্ববাদী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গত ১৬ বছরে অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ঘুম, খুন করে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে, ভেতরে বসেও ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে।’










