পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সব স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আতিক হোসেন।

তিনি বলেন, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তামাবিল, শেওলা,সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকবে। সবকটি বন্দরের সঙ্গে মিল রেখে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল থেকে আমদানি-রফতানি স্বাভাবিক হবে।

তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত হোসেন জানিয়েছেন, ঈদের আগে আর একদিন(সোমবার) বন্দর দিয়ে আমদানি-রফতানি হবে। এরপর টানা ছয়দিন বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে এ কার্যক্রম স্বাভাবিক হবে।

সিলেটের শেওলা স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট নুরুল মোস্তফা বলেন, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ। তবে আমাদের জনবল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।