জীববৈচিত্র্য
ও কৃষি খাতের ফসল উৎপাদন বাঁচাতে যেকোনো মূল্যেই হোক মুন্সিগঞ্জের আড়িয়ল বিলের অবৈধ আবাসন ব্যবসা ও মাটি কাটা
বন্ধ করতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসককে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘দেশের জাতীয়
সম্পদ আড়িয়ল বিলকে বাঁচাতে সমন্বিত উদ্বেগ নেয়া জরুরি।’
গতকাল দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়ল বিল পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। এ সময় অবৈধভাবে রাতের আঁধারে বিলের মাটি কেটে ইট ভাটায় বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শিগগিরই আড়িয়ল বিলে থাকা অবৈধ আবাসন ব্যবসার সাইনবোর্ড অপসারণে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন। এছাড়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি ভরাট ও মাটি কেটে বিক্রির জন্য উর্বরতা হারাচ্ছে বিলের অধিকাংশ কৃষিজমি এতে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন। ফলে বিলের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে থাকা শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খাঁন জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আড়িয়ল বিল ধ্বংসের লক্ষ্যে নানা অপতৎপরতা চালিয়েছে। তবে এবার বিলের সুরক্ষা নিশ্চিত করতে জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আদিলুর রহমান আরো বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের সমাপ্তি ঘটেছে। ফলে অতীতের মতো জনবিচ্ছিন্ন আর কোনো উদ্যোগ এদেশে বাস্তবায়ন করা হবে না। এছাড়া অতীতে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের যে পরিকল্পনা করা হয়েছিল তা রুখে দিয়েছিল জনগণ। ফলে এবার বিল রক্ষায় অবৈধ আবাসন ব্যবসা বন্ধে নেয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা।
এর আগে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুই উপদেষ্টা। এ সময় স্থানীয় প্রশাসন ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে খাল খননের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূইয়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ আরো অনেকে।










