রাজধানীর শেরে বাংলা নগরের তালতলা মোল্লাপাড়ায় একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় ও স্বজনদের মাধ্যমে খবরে ওই বাসায় থেকে মরদেহ উদ্ধার করে শেরে বাংলা নগর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাবার নাম মো. মশিউর রহমান। তার ছেলে সাহাদাত ।
মশিউর আগে চাকরি করতেন, বর্তমানে কিছু করতেন না। ছেলে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। এ ঘটনায় সিনথিয়া নামে সাহাদাতের ১৩ বছরের বয়সী বোনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ আলী বলেন, বিকেলে আমাদের কাছে খবর আসে তালতলা মোল্লাপাড়ার একটি বাসায় বাবা-ছেলে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাসার ফ্যানের সঙ্গে ঝুলছেন বাবা মশিউর রহমান। আর ছেলে সাহাদাত বিছানায়।
তিনি বলেন, সুরতহালে দেখা যায় ছেলে সাহাদাতের গলায় রশির দাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত ছেলে ও মেয়েকে হত্যার চেষ্টা করেছেন বাবা মশিউর রহমান। আমরা ঘটনাস্থলে মেয়েকে পাইনি। পুলিশ যাওয়ার আগেই সিনথিয়া নামে মেয়েটিকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো বলেন, সুরতহাল শেষে বাবা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যের কি কারণ, হত্যা নাকি আত্মহত্যা; পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে।
মশিউর রহমান একটি ডেভলপার কোম্পানিতে সাব স্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। শেয়ার বাজারে তিনি টাকা লগ্নি করেছিলেন। হতাশা থেকেই এ ঘটনা ঘটিয়েছেন কি-না পুলিশ সে বিষয়টিও তদন্ত করে দেখছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।










