বরিশালের বাবুগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা। এ সময় তারা ওই নারীর স্বামীকেও কুপিয়ে জখম করে। বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার শিকার গৃহবধূর নাম মারুফা বেগম (৩০)। তিনি রাকুদিয়া গ্রামের রড সিমেন্টের ব্যবসায়ী মিলন খানের স্ত্রী। তবে পুলিশের ধারণা, ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নিহতের স্বামী আহত মিলন খান (৪১) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মারুফা ও মিলনের চার ও আট বছর বয়সী দুই ছেলে রয়েছে।

মিলনের বড় ভাই সবুজ খান বলেন, রাত দেড়টার দিকে কলাপসিবল গেট ভেঙে ডাকাত দল বাসায় প্রবেশ করে। বাসায় থাকা নগদ আড়াই লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুট করার সময় মারুফা ডাকাতদের বাধা দেয়। তখন ডাকাতরা গলা কেটে তাকে হত্যা করে। স্ত্রীকে রক্ষা করতে মিলন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে ডাকাতরা।