রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকারের পাশাপাশি অপহৃত ৮ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করেছে র্যাব। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মাদপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটিকে অপহরণের আগে, অপহরণকারীরা তার মায়ের হাত-পা বেঁধে মুখে কাপড় গুজে দেয়। পরে উভয়ের মুখে স্প্রে করে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ শিশুটিকে নিয়ে যায় তারা।
শিশুটির অপহরণের খবর ছড়িয়ে পড়লে তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে শিশুটির ছবি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাকে খুঁজে পেতে হাজারো মানুষ সহযোগিতা করে।
উল্লেখ্য, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে লালবাগ থানার আজিমপুর এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারে ডাকাতির সময় শিশুটিকে অপহরণ করা হয়। ঘটনার পরপরই র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সংবাদ সম্মেলনে জানান, শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার তদন্ত চলছে।










