বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ভেসে ওঠা মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের দাঁড়াই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের সিরাজ আলীর ছেলে ইউছুব আলী (৩০) ও তমির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫০)।

জানা গেছে, গতকাল জামগ্রাম ইউনিয়ন পরিষদসংলগ্ন বধমা নামের একটি পুকুরে বড় একটি মাছ মরে ভেসে ওঠে। মাছটি দেখে ইউছুব পুকুরে নামার জন্য পুকুরসংলগ্ন বৈদ্যুতিক খুঁটি ধরেন। এতে বিদ্যুতায়িত হন। শহিদুল ইসলাম তাকে উদ্ধার গিয়ে নিজেও বিদ্যুস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।