কুড়িগ্রামের এসএসসি পরীক্ষার্থী সংগ্রামী ইলা বর্ষণ। গতকাল ১ ঘণ্টার জন্য দায়িত্ব পালন করেছেন পুলিশ সুপারের। তবে প্রতীকী। এর মধ্যেই বৈঠক করেছেন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। জেলা পুলিশকে তিনি নারীবান্ধব পুলিশের মডেল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান। যার মাধ্যমে নতুন প্রজন্ম পাবে একটি স্বপ্নের বাংলাদেশ।

সমাজে কন্যাশিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে জীবন, তাদের আশপাশের সমাজ ও সমাজের মানুষদের এমন বিশ্বাস থেকেই চালু হয় ‘গার্লস টেকওভার’ কর্মসূচি। এর মাধ্যমে একজন কিশোরী, কন্যাশিশু অথবা যুব নারীকে নেতৃত্বদানকারীর ভূমিকা পালনে সহায়তা করা হয়। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্নপূরণে হয় অঙ্গীকারবদ্ধ।

ব্যতিক্রমধর্মী ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সকাল সাড়ে ১০টায় সংগ্রামী ইলা বর্ষণের কাছে ১ ঘণ্টার জন্য নিজের দায়িত্ব হস্তান্তর করেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। পরে ওই কিশোরীকে তিনি ফুল দিয়ে বরণ করে তার আসনে বসান। দায়িত্ব হস্তান্তরের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতা এবং শিক্ষক, অভিভাবক ও জেলা এসসিটিএফের সদস্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২২ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ।

দায়িত্ব নেয়ার পর প্রতীকী পুলিশ সুপার সংগ্রামী ইলা বর্ষণ কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের কার্যকর ব্যবস্থা নিতে তার সুপারিশমালা তুলে ধরেন। পরে এনসিটিএফ সভাপতি খ. ম. জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, সাংবাদিক মাহফুজার রহমান খন্দকার, অভিভাবক ইসমাইল হোসেন বাদল প্রমুখ।