জয়পুরহাটের কালাই পৌরসভার উপ-নির্বাচনে ৭ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী ধানের শীষ মার্কা আনিছুর রহমান তালুকদার অনিয়মের নানা অভিযোগে নির্বাচন বর্জন করলেও তিনি ভোট পেয়েছেন ৬০৬ এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ পেয়েছে ৯৬ ভোট। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ৬১ দশমিক ১১ শতাংশ। মোট প্রাপ্ত বৈধ ভোট সংখ্যা হচ্ছে ৮ হাজার ২৬৩।
জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৯টি কেন্দ্রে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌর সভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে মেয়রের শূন্য পদ পূরণে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল (নৌকা), আনিছুর রহমান তালুকদার (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (নারিকেল গাছ)। পৌরসভায় মোট ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৯ জন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন ছিল।
এদিকে অনিয়ম, কারচুপি ও এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার প্রতিবাদে বেলা ১২টায় কালাইয়ে পৌর উপ-নির্বাচন বর্জন করেছেন বিএনপি দলীয় ধানের শীষ মার্কা মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদার। তিনি কালাই সিনেমা হল সংলগ্ন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের এ ঘোষণা দিয়ে বলেন, ভোট শুরুর পর থেকেই এজেন্টদের হুমকি দিয়ে ভোট কক্ষ থেকে বের করে দেন এবং একটি কেন্দ্রের এজেন্টকে মারপিট করে আহত করেছে।
ইভিএম পদ্ধতিতে ডিজিটাল কারচুপি এবং সরাসরি ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, কোথাও ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিজেরাই ভোট দিচ্ছে; এধরনের ভোটে বিরোধীদের জয়ী হওয়ার কোন সুযোগ নাই। তাই বিএনপি প্রার্থী নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
তিনি বলেন, মুলগ্রম সেন্টারে আমার এজেন্টকে নৌকার ক্যাডাররা মেরে মাথা ও মুখ ফাটিয়ে দিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচন কারচুপির বিষয়ে বিএনপির প্রার্থীর অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল বলেন, নিশ্চিত পরাজয় ভেবে বেলা থাকতেই সে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। সে যে সকল অভিযোগ করেছে তা মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত।
মেয়র নির্বাচিত হওয়ায় কালাই পৌরসভার ভোটারসহ সর্বোস্তরের নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পৌরবাসীর সহযোগিতার মাধ্যমে আধুনিক মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন নব-নির্বাচিত মেয়র।










