মিথ্যা তথ্য দিয়ে মামলা করতে গিয়ে উল্টো নিজেই ফাঁসলেন সুমন আলী নামের এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুরে মিথ্যা অভিযোগে মামলার চেষ্টা করায় রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম তাকে এক হাজার টাকা অর্থদণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত সুমন আলী রাজশাহীর পুঠিয়া উপজেলার মাহেন্দ্রা গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক অর্থদণ্ড পরিশোধ করে ছাড়া পান তিনি।

আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলামের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হোসেন আলী নামে এক ব্যক্তিকে সুদে টাকা দিয়েছিলেন সুমন। চুক্তি ছিল এক লাখ টাকায় বছরে ত্রিশ হাজার টাকা করে সুদ দেবেন হোসেন। কিন্তু পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে সুমন থানায় জিডি করেন। 

জিডির বিষয়ে পুলিশি তদন্তের অনুমতি নিতে আজ আদালতে হাজির হন সুমন আলী। তবে আদালত দেখেন, বাদীর অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই।

জিডিতে দাবি করা হয়েছে, এক মাস পর ফেরতের শর্তে হোসেন আলীকে এক লাখ টাকা দিয়েছিলেন সুমন আলী। কিন্তু অঙ্গীকারনামায় লেখা আছে, এক লাখ টাকার ওপর বছরে ত্রিশ হাজার টাকা সুদের শর্তে টাকা আদানপ্রদান করা হয়েছিল। 

থানা ও আদালতে ভুল তথ্য দিয়ে ঋণগ্রহীতাকে হয়রানি করার অপরাধে আদালত তাৎক্ষণিকভাবে বাদী সুমন আলীর অপরাধ আমলে নেন এবং তাকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে প্রক্রিয়া অনুযায়ী আদালত শাস্তি হিসেবে এক হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করেন।

আদালতে দোষ স্বীকার করে সুমন আলী বলেন, ভুল তথ্য দিয়ে মামলার চেষ্টা করায় তিনি অনুতপ্ত।