বগুড়া শহরের বাঘোপাড়ায় একটি মুদি দোকান থেকে বুধবার সন্ধ্যায় ৩৯টি বস্তায় থাকা দুই হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুদি দোকানি ফটু মিয়াকে (৫০) আটক করা হয়েছে। এ নিয়ে দুই দিনে জেলায় চার হাজার কেজিরও বেশি চাল উদ্ধার হয়েছে।
বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বাঘোপাড়ার ফটু মিয়ার মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৩৯ বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তাগুলোয় দুই হাজার কেজি চাল পাওয়া যায়। এ ঘটনায় দোকানি ফটু মিয়াসহ স্থানীয় তিন যুবক ইমরান, সিরাজুল ও নূর আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এ ঘটনায় অভিযানে অংশ নেয়া খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে বগুড়া সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা মরেন। জব্দ করা চাল খাদ্যগুদামে রাখা হয়েছে। আদালতের নির্দেশে চাল বিতরণের পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগের দিন মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের পুরাতন বাজারের চালপট্টিতে অভিযান চালিয়ে সরকারি কর্মসূচির ২ হাজার ২২০ কেজি চাল জব্দ করে উপজেলা প্রশাসন।










