দিনাজপুর শহর ও বিরল উপজেলায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪৭ জনকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। স্থানীয় পুলিশের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন মসজিদ থেকে তাদের আটক করা হয়। 

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, রাতে ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা জেলায় মসজিদসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এসময় জেলা পুলিশ তাদের সহযোগিতা করে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে পরে বিস্তারিত জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, তাবলিগ জামায়াতের নামে দিনাজপুরে আসা একটি দল নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এর মধ্যে শহরের মহারাজার মোড় মেদ্যাপাড়ার বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে ১২ জন ও উপজেলা বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দিনাজপুর পুলিশের হেফাজতে আছে।