রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের (হাতির চালক বা রক্ষক) ছেলের মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চিড়িয়াখানার ওই মাহুতের নাম আজাদ আলী। তার ১৭ বছর বয়সী ছেলে জাহিদের মৃত্যু হয়েছে হাতির আক্রমণে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাহুত আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে যান। হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা হন আজাদ আলী। পথিমধ্যে ছেলে মারা গেলে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশে রওনা হন মাহুত।