বিএনপির সমাবেশ থেকে সারাদেশে নৈরাজ্য, সন্ত্রাস ও নাশকতা ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
একই সময়ে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি। জেলা আইনজীবী ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের কর্মসূচিতে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন বলেন, বিএনপি-জামাত চক্র সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তার প্রতিবাদেই এ অবস্থান কর্মসূচি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অন্যদিকে আইনজীবী ভবনের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, স্বৈরাচার সরকার দেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানুষ আজ ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় দিন পার করছে।
অবিলম্বে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিও জানানো হয়। স্বেচ্ছায় পদত্যাগ না করলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য করারও হুঁশিয়ারি দেন নেতারা।বিক্ষোভে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব ফজলুল হক টুলুসহ অন্যরা।










