ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে বাংলাদেশী প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গতকাল এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের মৃত্যুর খবরটি পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছিলেন চারভাই। তাদের একজনের বিয়ের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। ঘটনার দিন বিয়ের কেনাকাটা করতেই চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।

ওমানের মুলাদ্দায় গতকাল স্থানীয় সময় সকাল ৮টার দিকে লোকজন একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পুলিশ তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে।