বান্দরবানে ভূমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে গুলি করে হত্যা মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু হানিফ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হ্লাচিংমং মারমা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মো. ইকবাল করিম।
দণ্ডপ্রাপ্ত আসামি জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাইন্দু উজানীপাড়ার মৃত ক্যঅংপ্রু মারমার ছেলে। স্থানীয়রা জানান, জুম ভূমি ও পারিবারিক দ্বন্দ্বের জেরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও সহিংস ঘটনায় ওই হত্যার ঘটনা ঘটে।










