ঈদে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা চলবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। গতকাল দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, ‘কোনো অবস্থাতেই বাস ভাড়া বাড়ানো যাবে না। এছাড়া সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে প্রশাসন। সিগন্যাল ভঙ্গ করে কোনো গাড়ি সড়কে চলতে পারবে না।’ কোথাও কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ৯৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করেন তিনি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করবে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. মোর্শেদ আলম, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল প্রমুখ।










