আমাদের সমাজে বহুমাত্রিক বৈষম্য বিদ্যমান। প্রায় বৈষম্য আমরাই সৃষ্টি করি। আইন প্রয়োগে বৈষম্য, জেন্ডার বৈষম্যসহ সব ধরনের সামাজিক বৈষম্য আমাদের সমাজে বিদ্যমান। সম্পদ বৃদ্ধি করে বৈষম্য কমানো সম্ভব।
দৈনিক বণিক বার্তার উদ্যোগে আজ সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়' শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
এই ব্যবসায়ী নেতা আরো বলেন, আমাদের সমাজে দুইভাবে সম্পদ সৃষ্টি হয়। এক হচ্ছে ব্যবসা-বাণিজ্য এবং পরিশ্রমের মাধ্যমে সম্পদ সৃষ্টি হয়। আবার কেউ কেউ সম্পদ অর্জন করে কোনো পরিশ্রম ছাড়াই। পরেরটা নিরুৎসাহিত করতে হবে। আর আমাদের দেশে বিনিয়োগ করে দেশেই কর্মসংস্থান সৃষ্টি করতে উৎসাহিত করতে হবে। একটা দেশের রাজনীতি আর অর্থনীতি ভাই ভাই। যে দেশের অর্থনীতি ভালো সে দেশের রাজনীতিও ভালো।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ।










